আসামে অপহূতদের মৃতদেহ উদ্ধার, সেনা মোতায়েন

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২০:৪৬
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের প্রত্যন্ত এলাকার একটি নদী থেকে চারটি মৃতদেহ উদ্ধারের পর সামপ্রদায়িক সহিংসতার আশঙ্কায় এলাকাটিতে সেনা মোতায়েন করা হয়েছে। রাজ্যটির বাকসা জেলার বেকি নদী থেকে শনিবার একটি মৃতদেহ ও রবিবার তিনটি মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার নিহতদের অপহরণ করেছিল ন্যাশনাল ডেমক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ডের জঙ্গিরা। শনিবার উদ্ধার করা মৃতদেহটি একজন লেবু ব্যবসায়ীর বলে জানিয়েছেন বাকসার পুলিশ প্রধান এল আর বিষ্ণু। ওই দিন পাইকারী বাজারে যাওয়ার সময় তাকে অপহরণ করা হয়েছিল। নিহত অপর তিনজনের পরিচয় শেষ খবর পাওয়া পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। অপহরণ ও হত্যার ঘটনাটি বোড়ো জঙ্গিরাই ঘটিয়েছেন বলে মনে করছেন পুলিশ কর্মকর্তা বিষ্ণু। ঘটনার পর বাকসায় অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করে সেনা মোতায়েন করা হয়েছে।