বেনাপোলে আমদানি রফতানি বন্ধ

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২১:৩০
ভারতীয় সিএন্ডএফ এজেন্টদের প্রবেশে বাধা ভারতীয় ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টদের রপ্তানি সংক্রান্ত কাজের জন্য বাংলাদেশে প্রবেশে বাধা দেয়ায় মঙ্গলবার সকাল থেকে বেনাপোল- পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো অফিসার কামরুজ্জামান জানান, পেট্রাপোল বন্দরের কাস্টম কর্তপক্ষ সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের প্রতিনিধিদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়ায় তারা সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে। তবে বেনাপোল বন্দরে লোড আনলোডসহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, পেট্রাপোল বন্দরে ২৫০ থেকে ৩০০ সিএন্ডএফ ব্যবসায়ী রয়েছে। বাংলাদেশে পণ্য রপ্তানি করার জন্য প্রতিদিন এদেরকে বেনাপোল চেকপোস্ট এলাকায় যেতে হয়। কিন্তু হঠাত্ করে পেট্রপোল কাস্টম সিএন্ডএফ প্রতিনিধিদের বাংলাদেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে পত্র পাঠিয়েছেন। পত্রে বলা হয়েছে, এখন থেকে প্রতিদিন বাংলাদেশে ৫০ জন প্রতিনিধি প্রবেশ করতে পারবে। এর আগে প্রতিদিন প্রায় ২০০ জন বাংলাদেশে প্রবেশ করতো। এরই প্রতিবাদে তারা দু’দেশে মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে। আমদানি-রপ্তানি বন্ধ থাকার কারণে উভয় বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্য বাহী ট্রাক। যার অধিকাংশেই গার্মেন্টস শিল্পের কাচামাল ও পচনশীল পণ্য রয়েছে।