সেতুর অভাবে ১০টি চরাঞ্চলের ১০ হাজার মানুষের দুর্ভোগ

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২১:৩২
কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার টাঙ্গালিয়া পাড়া বদরপুর সড়কের খাজার বাড়ি নামক ভাঙ্গা স্থানে দীর্ঘদিনেও সেতু নির্মাণ না হওয়ায় বিশাল চরাঞ্চলের অসংখ্য মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পড়ে। বিশেষ করে সোনাভরি নদীর বুকে ১০টি চরাঞ্চলের প্রায় ১০ হাজার মানুষ বিচ্ছিন্ন হয়ে আছে। ইউনিয়ন পরিষদের অধিনে ওই ভাঙ্গা স্থান ধীরে ধীরে বড় আকার ধারণ করছে। সেতু না থাকায় ওই সব চরের মানুষ উপজেলা শহরের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়ে আছে। সরেজমিনে দেখা গেছে মানুষের দুর্ভোগের চিত্র। টাঙ্গালিয়া পাড়া বদরপুর সড়কের ওই ভাঙ্গা স্থানে এর আগে বাঁশের সেতু ছিল। বাঁশের সেতু ভেঙ্গে যাওয়ার পর নতুন করে আর সেতু নির্মাণ করা হয়নি। দক্ষিণ চরসাজাই, পাখিউড়া, বদরপুর, উত্তরচর সাজাই, কেচোমারী, সাজাই চরের অসংখ্য স্কুল ও কলেজ শিক্ষার্থীদের দুর্ভোগে পড়তে হয়। রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর-ই শাহী ফুল জানান, ওই স্থানে পাকা সেতু নির্মাণ খুবই দরকার। এজন্য উপজেলা সমন্বয় কমিটির সভায় আবেদনও করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা বলেন, ‘ওই ভাঙ্গা স্থানে সেতু নির্মাণের জন্য প্রকল্প তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্প অনুমোদন ও বরাদ্দ পাওয়া গেলে সেতু নির্মাণ সম্ভব হবে।’