গাজায় লংঘিত হচ্ছে মানবাধিকার -সুলতানা কামাল

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২১:৩৮
মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেছেন, গাজায় মানবাধিকার লংঘিত হচ্ছে। কেউ তা থামাতে পারছে না। প্রতিটি দেশে এভাবেই মানবাধিকার লংঘন হয়েই চলেছে। আমরা বিচলিত, মর্মাহত কিন্তু তা বন্ধ করা যাচ্ছে না। আমরা চাই হত্যা বন্ধ হোক। মঙ্গলবার সিরডাপ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইন ও সালিশ কেন্দ্র ‘বাংলাদেশ এনগেজমেন্ট উইথ ইউএন স্পেশাল প্রসিডিওরস’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এতে বিষয়ের উপর আলোকপাত করেন ফ্রন্ট লাইন ডিফেন্ডার্সের এশিয়া সমন্বয়ক সাইদ আহমেদ। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামালের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ শাখার মহাপরিচালক সাইদা মুনা তাসনীম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দিনা এম সিদ্দিকী। মূল বক্তব্যে সাইদ আহমেদ জানান, বিশ্বব্যাপী মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে জাতিসংঘ গৃহীত ব্যবস্থাগুলোর মধ্যে একটি হলো বিশেষ প্রতিনিধিদের মাধ্যমে একটি দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করা। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে বেশ কিছু বিষয়ে এই বিশেষ প্রতিনিধিরা প্রস্তাবনা উত্থাপন করলেও বাংলাদেশ সে সব বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি।