মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
গোমতী নদী সংলগ্ন মুরাদনগর উপজেলার সাথে ঢাকার যোগাযোগের সহজ মাধ্যম এ সড়ক গোমতী নদীর ভাঙ্গনের কবলে পড়েছে। উপজেলার সাথে ৬টি ইউনিয়নের একমাত্র যোগাযোগের মাধ্যম এ সড়কটি। সংস্কারের অভাবে এরই মধ্যে মুরাদনগর-ঢাকা সড়কের ভুবনঘর নামক স্থানে সড়কটির একাংশ ভেঙ্গে যাওয়ায় মরণফাঁদ তৈরি হয়েছে। এ অংশটি ৫ বার মেরামত করা হয়েছে। কিন্তু স্থায়ী কোন ব্যবস্থা না নিয়ে মেরামতের নামে একটি মহল পকেট ভারী করছে বলে অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা যায়, খরস্রোতা এ নদী আকারে ছোট হয়ে গেলেও বর্ষা মৌসুমে প্রবল জোয়ারের তোরে কোন কোন এলাকায় কূল ভাঙ্গার কারণে এরই মধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বেশ কয়েক বছর ধরে যেমন সড়ক সংস্কার হয় না, তেমনি নদী ভাঙ্গন রোধে কর্তৃপক্ষের স্থায়ী কোন উদ্যোগ নেই। এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, এ উপজেলায় সড়ক ও ঝুঁকিপূর্ণ ব্রীজ সংস্কারের কার্যক্রম অচিরেই গ্রহণ করা হচ্ছে।
