সাম্প্রতিককালে ধর্ষনের ঘটনা বৃদ্ধির কারণ ‘আবিষ্কার’ করে ফেলেছেন ভারতের বিহার বিধানসভার এক মন্ত্রী! এ কারণে তাকে ‘জ্ঞানী’ তকমা দেয়াই যেতে পারে। ওই মন্ত্রীর আবিষ্কার করা নতুন তথ্য হলো -মোবাইল ফোন ব্যবহার এবং আমিষ খাবার গ্রহণ ধর্ষণ বৃদ্ধির সবচে বড় কারণ। মন্ত্রী মহোদয় এই নতুন ফর্মুলা দেয়ার পর তাকে নিয়ে সোস্যাল মিডিয়াতে হাস্য-রসিকতা ও বিদ্রুপের ঝড় শুরু হয়েছে। গণমাধ্যমও গুরুত্বসহকারে তার এই ‘আবিষ্কার’ ফলাও করে প্রচার করেছে।
বিহারের সংস্কৃতি ও যুবমন্ত্রী বিনয় বিহারী গতকাল বলেন, মোবাইল ফোনে খারাপ খারাপ ছবি দেখা হয়। নোংরা এসএমএস পাঠানো হয়। তাই মানুষ ধর্ষণ করতে উদ্যত হয়। অন্যদিকে, বেশি আমিষ খেলে মন মেজাজ ও মাথা গরম থাকে। নিরামিষভোজীদের মাথা ঠান্ডা থাকে। এ কারণে বর্তমানে আমিষ খাদ্যের মাত্রা বৃদ্ধিকে ধর্ষণ বৃদ্ধির কারণ হিসেবে দায়ী করতে হবে।
মোবাইল ফোনের বিরুদ্ধে কথা বলছেন, তিনি নিজে কি তা ব্যবহার করেন না? এই প্রশ্নে জবাবে মন্ত্রী বলেন, আমি পার্লামেন্টে যাবার সময় মোবাইল সাথে নেই না। -পিটিআই
