নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে স্ত্রী সুমনা ইসলামকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আর স্বামী শামীম মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে গলায় ফাঁস দেয়া অবস্থায়। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা দুইজনকে শ্বাসরোধ করে হত্যা করে।
এস আই গোলাম মোস্তফা জানান, ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকায় আমির আলী ভান্ডারীর দুটি রুম ভাড়া নেয় তৌহিদুল ইসলাম নামের এক ব্যক্তি। দুই মাস আগে তিনি একটি রুম সাবলেট হিসেবে ভাড়া দেন শামীম ও সুমনা ইসলামকে। এর মধ্যে শামীম নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রী) ও সুমনা একটি গার্মেন্টে চাকরি করতো। মঙ্গলবার সকালে ঘরের দরজা খোলা দেখে আশ-পাশের লোকজন গিয়ে দেখে মেঝের মধ্যে সুমনা ও জানালার মধ্যে শামীমের লাশ ঝুলছে।
স্থানীয়রা জানান, শামীমের ফাঁস দেয়া লাশ উদ্ধারের সময় মেঝেতে পা লাগানো ছিল। সে থেকেই ধারণা করা হচ্ছে, তাদের দুইজনকে হত্যা করা হয়েছে। সকালে ঘরের দরজাও খোলা ছিল।
