আজ জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৯ মে ২০১৯, ২২:৩৪

আজ ৩০ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নিহত হন তিনি। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন।

 দিনটি স্মরণে বিএনপি রাজধানী ঢাকাসহ সারাদেশে দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে।

১৯৮১ সালের ২৯ মে তিনি এক সরকারি সফরে চট্টগ্রামে যান। ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে গভীর রাতে একদল সেনাসদস্য তাকে হত্যা করে। বিপথগামী সেনা   সদস্যরা তার লাশ চট্টগ্রামের রাউজানের গভীর জঙ্গলে কবর দেয়। তিনদিন পর ওই লাশ উদ্ধার করে ঢাকার শেরেবাংলা নগরে এনে দাফন করা হয়।

জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্মগ্রহণ করেন। তিনি ইস্ট বাংলা রেজিমেন্ট-ইপিআরের বাঙালি প্লাটুনের মেজর ছিলেন। মুক্তিযুদ্ধে অবদানের জন্য স্বাধীনতার পর বাংলাদেশ সরকার কর্তৃক তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন। তিনি প্রথমে জাতীয় গণতান্ত্রিক দল (জাগদল) এবং ১৯৭৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেন।

কর্মসূচি:আজ সকাল ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, একইভাবে সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে একই কর্মসূচি পালন করা হবে। সকাল ১০টায় জিয়াউর রহমানের শেরেবাংলা নগরস্থ মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন বিএনপি নেতারা। অঙ্গ সংগঠনগুলোও পৃথক কর্মসূচি নিয়েছে।

এ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম গতকাল এক বিবৃতিতে জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।