পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ২০ জুলাই থেকে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩০তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জুমাতুল বিদা, পবিত্র শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ২৭ জুলাই থেকে ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে পবিত্র রমজান মাসে শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফেরার বিষয়টি বিবেচনায় রেখে ছুটি ২০ জুলাইয়ে এগিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন জবি ভিসি ড. মীজানুর রহমান।
২০ জুলাই থেকে সকল বিভাগ ও প্রশাসনিক দপ্তর আগামী ৩১ জুলাই এবং ক্লাসসমূহ আগামী ৭ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। ঈদ-উল-ফিতর-এর ছুটি শেষে বিভাগীয় ও প্রশাসনিক অফিসসমূহ ৩ আগস্ট এবং বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ১০ আগস্ট হতে যথারীতি শুরু হবে।
