পাল্টে গেছে চিরচেনা রংপুর মহানগরীর নিত্যদিনের যানজটের দৃশ্যপট। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহানগরীর প্রধান প্রধান সড়কগুলো যানজটমুক্ত রাখতে জেলা ট্রাফিক পুলিশ বিভাগের পক্ষ থেকে চালু করা হয়েছে নতুন ট্রাফিক ব্যবস্থা। ঈদের কেনাকাটা করতে আসা মানুষের ভোগান্তি কমাতে গত মঙ্গলবার থেকে নতুন এই ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়। এদিকে জেলা ট্রাফিক পুলিশ বিভাগের নতুন এই ট্রাফিক ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন রংপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা জানিয়েছেন, নতুন ব্যবস্থায় নগরীর যানজট কমে এসেছে। ঈদের কেনাকাটা করতে আসা মানুষসহ সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হয়েছে। স্বল্প সময়ে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাত্রীরা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছুতে পারছে। বিগত দিনে যানজটে আটকে থাকা রংপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এখন স্বস্তি ফিরে এসেছে। তারা ঈদের পরে স্থায়ীভাবে এই ব্যবস্থা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, এর ফলে রাস্তায় চলাচলকারী মানুষের দুর্ভোগ কমাসহ দুর্ঘটনা বহুলাংশে কমে যাবে।
ট্রাফিক পুলিশ অফিস জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃহত্তর রংপুর জেলার মানুষ রংপুরে কেনাকাটা করতে আসেন। বাড়তি যানবাহনের চাপের কারণে নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে করে মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। মানুষ যাতে যানজটের কবলে না পড়ে এজন্য নতুন ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। ঈদুল ফিতর শেষ হওয়া পর্যন্ত নতুন ট্রাফিক ব্যবস্থা বলবত্ থাকবে। শুধুমাত্র রিকশা ও মোটর সাইকেল ছাড়া অন্য কোন যানবাহন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত নগরীর প্রধান প্রধান সড়কে চলাচল করতে পারবে না। নতুন ট্রাফিক ব্যবস্থায় কাচারী বাজার থেকে সকল যান্ত্রিক যানবহন টাউন হলের সামনে এসে থামবে। অন্যত্র যেতে চাইলে সাবেক লক্ষ্মী সিনেমা হল সংলগ্ন নিউ ইঞ্জিনিয়ার পাড়া সড়ক বাইপাস হিসেবে ব্যবহূত হবে। অন্যদিকে জজ কোর্ট থেকে জাহাজ কোম্পানী অভিমুখী বেতপট্টি সড়কের অশ্বনী সড়ক ফলক চিহ্নের কাছে সকল যান্ত্রিক যানবাহন থামবে। শাপলা চত্বর থেকে জাহাজ কোম্পানী অভিমুখী সড়কের গ্রান্ড হোটেল মোড়ে যান্ত্রিক যানবাহন থামবে। সাতমাথা থেকে জাহাজ কোম্পানী সড়কে এবং সেন্ট্রাল রোডে চলাচলকারী যানবাহন যথাক্রমে লায়ন্স স্কুল এন্ড কলেজ এবং কাস্টমস অফিসের সামনে থামবে। এদিকে বিভিন্ন যানবহনের সুবিধার্থে টাউন হল চত্বর এবং জেলা পরিষদ অস্থায়ী পার্কিং হিসেবে ব্যবহূত হবে।
রংপুর ট্রাফিক পুলিশের ইনচার্জ সাদাকাতুল বারী জানান, পবিত্র ঈদুল ফিতরের কেনাকাটা করতে আসা মানুষের ভোগান্তি কমাতে নতুন এই ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। তাই ব্যস্ততম সড়কের ৫টি পয়েন্টে যান্ত্রিক যানবাহনকে থামতে বাধ্য করা হচ্ছে। পয়েন্টগুলো হলো টাউন হল, বেতপট্টি অশ্বনী রোড, গ্রান্ড হোটেল মোড়, লায়ন্স স্কুল এন্ড কলেজ এবং কাস্টম অফিস। এছাড়া গাড়ি পার্কিং এর সুবিধার জন্য জেলা পরিষদ এবং টাউন হল চত্বর ব্যবহূত হবে। তবে রিকশা ও মোটর সাইকেল যথারীতি সকল সড়কে চলবে। প্রতিটি পয়েন্টে আইন-শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশ মোতায়ন রয়েছে। এই ট্রাফিক ব্যবস্থা ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত বলবত্ থাকবে।
