নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, ক্ষমা চাইতে হয় না। ক্ষমা করে দেয়া যায়। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে নারায়ণগঞ্জ ঘুরে দাঁড়াবে। প্রাচ্যের ডান্ডির থেকেও ভাল কিছু উপহার দেয়া যাবে। আমি সবাইকে নিয়ে কাজ করতে পারবো। আমি সবার সহযোগিতা চাই। বয়সের যদি কেউ আমার ছোটও হয় তার মাঝে যদি সমাজের উন্নয়নের যোগ্যতা থাকে আমি তার কাছে যাবো। কেউ আমাকে আটকে রাখতে পারবে না। আমি মেয়র আইভীর কাছে যেমন গিয়েছি তেমনি শামীম আমার ছোট ভাই হলেও আমি তার কাছে যাবো। মঙ্গলবার নারায়ণগঞ্জ ক্লাবের শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জন প্রতিনিধি, ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভা শেষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সেলিম ওসমান বলেন, নারায়ণগঞ্জে মূলত দুইটি সমস্যা বিরাজ করছে। একটি হচ্ছে গ্যাস আর অপরটি আন্তরিকতা। তিনি বলেন, আমার নির্বাচনী এলাকার জনপ্রতিনিধিরা আমাকে হুকুম, নির্দেশ দিবেন, আমি কাজ করবো।
সেলিম ওসমান আরো বলেন, আমি সাংবাদিকদের অনেক সম্মান করি। কিছু কিছু সাংবাদিক ভাইয়েরা ভাল কথা লিখতে গিয়ে একটা শব্দে সব কিছু উলটপালট হয়ে যায়। সাধারণ মানুষের মাঝে উল্টো প্রতিক্রিয়া হয়। আমি মেয়র আইভীর সাথে দেখা করতে গিয়েছি। আইভী আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। কোন কোন পত্রিকায় লিখেছে আমি আইভীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। কোন কোন পত্রিকায় আবার আমার বক্তব্য হিসাবে লিখেছে- “শামীম ওসমান যাই বলুক আমি অভিজ্ঞ আইভীকে নিয়ে কাজ করবো”। —এমন সংবাদের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। আমি অনুরোধ করবো- সাংবাদিক ভাইয়েরা কোন নিউজ করার আগে প্রয়োজন পড়লে আমাকে ফোন দিয়ে আমার বক্তব্য নিয়ে নিবেন।
