মঙ্গলবার সকালে ফরিদপুরের ভাঙ্গায় পৃথক ঘটনায় আপন দু’বোনসহ পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে শহিদুল মৃধার শিশু কন্যা রেক্সোনা (৭) ও উন্নতি (১০) প্রতিদিনের মত খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়। এক পর্যায়ে বাড়ির পাশে একটি মজা পুকুরে নেমে খেলা করার সময় হঠাত্ গভীর পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে ২ শিশুকে উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত ডাক্তার ২ শিশুকে মৃত ঘোষণা করেন। পৃথক ঘটনায় উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামে জোবায়েত (৬) নামে এক শিশু বাড়ির পাশে খালের পানিতে ডুবে মারা যায়।
ঝিনাইদহে তিন শিশুর মৃত্যু
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানান, ঝিনাইদহ সদর উপজেলার কল্যাণপুর গ্রামে ফারাহ (৫) ও সাইমুন (৪) নামে দুই ভাই বোন ও শংকরপুর গ্রামে আরো এক শিশু পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার দুপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে।
