সিংগাইর উপজেলার বাহাদিয়া গ্রামের মৃত সুলতান খাঁর ছেলে সাইফুল কোন অপরাধ না করেও ৩ মাস ধরে কুয়েতের জেলে আছেন। পরিবারের লোকজন জানালেন, সাইফুল ১২ বছর ধরে কুয়েতে থাকেন। দেশে ছুটি কাটিয়ে গত ১০ এপ্রিল কুয়েত যান। যাবার সময় কুয়েত প্রবাসী কানাই নগর গ্রামের কলিম উদ্দিনের ছেলে আব্দুল মজিদ সাইফুলের কাছে ২ জোড়া বার্মিজ জুতো দেন সেখানে অবস্থানরত তার বন্ধু ফেনী জেলার মো: ইলিয়াস আলীকে দেয়ার জন্য। কিন্তু এ জুতোই যে বিপদ ডেকে আনবে সাইফুল তা জানতেন না। সরল বিশ্বাসে সাইফুল জুতো জোড়া নিয়ে কুয়েত বিমান বন্দরে পৌঁছলে পুলিশের তল্লাশীতে ঐ জুতোর ভেতর থেকে হেরোইন বেরিয়ে আসে। যার মূল্য ১ কোটি টাকা । মজিদ কুয়েতে থাকলেও বর্তমানে দেশে আছে। অপরদিকে ইলিয়াস আলী কুয়েতে আছে। কিন্তু মাদক ব্যবসার সাথে তারা দুজনই জড়িত থাকলেও আছেন ধরাছোঁয়ার বাইরে। অপরদিকে দোষ না করেও সাইফুল ৩ মাস ধরে কুয়েত জেলে বন্দি অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে।
