তিস্তা ও সীমান্ত প্রটোকল বাস্তবায়নে অনেকদূর এগিয়েছে ভারত

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২২:৫৩
ঝুলে থাকা তিস্তা চুক্তি সই ও সীমান্ত প্রটোকল কার্যকর করতে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। অভ্যন্তরীণ সমঝোতা তৈরির ক্ষেত্রেও অনেক দূর অগ্রসর হয়েছে ভারত সরকার। বাংলাদেশে ভারতে হাইকমিশনার পঙ্কজ শরণ গতকাল বুধবার বিকালে পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠকে একথা জানান। বৈঠকে দ্বি-পাক্ষিক সব ইস্যু নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরের সময় গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও ফলো-আপ করা হয়। পররাষ্ট্র মন্ত্রী এএইচ মাহমুদ আলী আগস্ট মাসে নয়াদিল্লীতে যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে যোগ দেবেন ও ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে দ্বি-পাক্ষিক ইস্যুতে আলোচনা করবেন। যৌথ কমিশনের বৈঠকের সম্ভাব্য তারিখ নিয়ে হাইকমিশনার পঙ্কজ শরণ গিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব শহীদুল হক সাংবাদিকদের জানান, হাইকমিশনারের সঙ্গে যৌথ কমিশনের বৈঠকের সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা হয়। আগস্ট বা সেপ্টেম্বরে কমিশনের বৈঠক হবে। সেখানে সবকিছু নিয়ে দুই পররাষ্ট্র মন্ত্রী কথা বলবেন। জুন মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সফরের ফলো-আপ নিয়ে হাইকমিশনারের সঙ্গে কথা হয়। তিস্তা চুক্তি স্বাক্ষর ও সীমান্ত প্রটোকল কার্যকর করতে ভারতে অভ্যন্তরীণ সমঝোতার বেশ অগ্রগতি হয়েছে। তারা এখন সেগুলো এগিয়ে নিয়ে যাবেন। অন্যদিকে ভারতের কমিশনার পঙ্কজ শরণ সাংবাদিকদের বলেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে দ্বি-পাক্ষিক সব ইস্যু নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সফর পরবর্তী কার্যক্রম নিয়ে কথা হয়েছে। আগামী কয়েকমাসে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সফর হবে।