ঢাকা সিটি কর্পোরেশনের প্রতিটি ডাস্টবিনের স্থান নির্ধারিত রয়েছে। সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া ডাস্টবিন নির্ধারিত স্থান থেকে সরানো যায় না বলে এতদিন জেনে এসেছি। কিন্তু মালিবাগ মোড় সিআইডি অফিস সংলগ্ন পল্টন থানাধীন চামেলিবাগের ডাস্টবিনটি নির্ধারিত স্থান থেকে সরিয়ে রমনা থানাধীন সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের শান্তিনগর পোস্ট অফিসের গেটের সামনে স্থানান্তর করা হয়েছে। এক থানা এলাকা থেকে অন্য থানা এলাকায়। এক ওয়ার্ড এলাকা থেকে অন্য ওয়ার্ড এলাকায় ডাস্টবিনটি স্থানান্তর করার কোনো যুক্তি থাকতে পারে না। পোস্ট অফিসের সামনে আবাসিক এলাকায় ডাস্টবিন স্থানান্তর হওয়ায় ডাস্টবিনটি জনসাধারণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ডাস্টবিনের দুর্গন্ধ এবং ইঁদুরের উপদ্রবে আবাসিক এলাকার বসবাসে অসুবিধা হচ্ছে। ডাস্টবিনটি পোস্ট অফিসের সামনে থেকে সরিয়ে পূর্বের নির্ধারিত স্থানে অর্থাত্ চামেলিবাগে নেয়ার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি।
মাহবুব,
সিদ্ধেশ্বরী সার্কুলার রোড, ঢাকা ১২১৭
