মেহেরপুর সদর উপজেলার আবদার নামকস্থানে শ্যামলী পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পায়ুপথে স্বর্ণ পাচার কারার সময় শহিদুল ইসলাম নামের একজনকে আটক করেছে বিজিবি।
বুধবার সকালে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক মোঃ ইমাম হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করেন। আসামি মোঃ শহিদুল ইসলাম চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের জোয়াদ আলীর ছেলে।
শহিদুলকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নে নিয়ে তার পায়ুপথ থেকে ৬টি স্বর্ণ বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৭০০ গ্রাম (৩০ভরি)।
৬-বিজিবির পরিচালক মোঃ ইমাম হাসান জানান, ঢাকা হতে বিভিন্ন পরিবহনযোগে সীমান্ত এলাকায় গিয়ে কিছু স্বর্ণ চোরাকারবারী অভিনব কায়দায় স্বর্ণ পাচার করছে। ঢাকা-মেহেরপুরগামী শ্যামলী পরিবহনে একজন সন্দেহজনক ব্যক্তি অভিনব কায়দায় পেটের মধ্যে স্বর্ণ চোরাচালান করতে পারে। এই তথ্য পেয়ে সকাল ৭টার দিকে তার নেতৃত্বে একটি বিশেষ টহলদল মেহেরপুর শহর উপকণ্ঠে মেহেরপুর-গাংনী রোডে অবদারমোড় নামক স্থানে অবস্থান নেন।
তিনি আরো জানান, আনুমানিক সকাল ৮টার দিকে শ্যামলী পরিবহনের নির্দিষ্ট বাসটি এ্যাম্বুশ সাইটে পৌছালে বাসে তল্লাশী চালিয়ে স্বর্ণ চোরাচালানী মোঃ শহিদুল ইসলাম (৪০) নামক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। তল্লাশী করলে তার মলদ্বার হতে ০৬ টি স্বর্ণের বার উদ্ধার করা সম্ভব হয়।
ইত্তেফাক/আরকেজি
