নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না : ফখরুল

আপডেট : ৩০ মে ২০১৯, ০০:৫৬

নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি না করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে অনৈক্যের কারণে দলের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সবাই ঐক্যবদ্ধ থেকে জিয়াউর রহমানের রাজনীতিকে অনুসরণ ও বিএনপিকে আরো শক্তিশালী করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবো। সরকার পরিকল্পিতভাবে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, দেশে কোনো সরকার এবং শাসন ব্যবস্থা আছে বলে মনে হয় না। আছে শুধু দুঃশাসন, অপরাধ আর দুর্নীতি।

অনৈক্যে দলে ক্ষোভ

বিশেষ অতিথির বক্তব্যে মওদুদ আহমদ বলেছেন, সংসদ নির্বাচনের ফল দলীয়ভাবে প্রত্যাখ্যান করেছিলাম। সংসদকে অনির্বাচিত ও অবৈধ হিসেবে অভিহিত করেছিলাম। সে কারণে আমরা এই সরকারের অধীনে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করিনি। বরং অংশগ্রহণকারীদের বহিষ্কার করেছিলাম। অথচ হুট করে সংসদে যোগ দিলাম। এতে দলের নেতাকর্মীদের মধ্যে অনৈক্য ও বিভ্রান্তি তৈরি হয়েছে। এই বিভ্রান্তি দূর করতে হবে। আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আযম খান প্রমুখ।