বাংলাদেশে ভোক্তা আন্দোলনের অগ্রণী পুরুষ, সাংবাদিক, কথাশিল্পী ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি কাজী ফারুক আর নেই। রাজধানীর মিরপুরে গত মঙ্গলবার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুর আগে তিনি হূদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও জটিল চক্ষুরোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে গেছেন। সাতক্ষীরার তালা উপজেলায় নিজ গ্রামে গত বুধবার তাকে দাফন করা হয়।
২০০৯ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ক্যাবের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ পাসের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ৪০ বছর তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটির নেতৃবৃন্দ এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে দেশবাসী একজন ভোক্তা আন্দোলনের সাহসী সংগ্রামী লড়াকু সৈনিক ও একনিষ্ঠ সংগঠককে হারালো। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। —প্রেস বিজ্ঞপ্তি
