২৬ জুলাই পোশাক শিল্প এলাকায় ব্যাংক খোলা

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২২:১৮
তৈরি পোশাক শিল্প এলাকায় আগামী ২৬ জুলাই, শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস সঠিকভাবে প্রদানের জন্য বিজিএমই-এর আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশ দিয়েছে। গতকাল বৃহস্পতিবার তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদ-উল-ফিতরের আগে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ করতে চায় বিজিএমইএ। এজন্য তাদের অনুরোধে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প এলাকার তফসিলি ব্যাংকের কেবল তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ খোলা রাখতে হবে। তবে এক্ষেত্রে খোলা রাখা শাখাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করারও পরামর্শ দেয়া হয়েছে।