কাঁচপুরে নূর হোসেনের বালুমহালে অভিযান

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২২:৪৯
জেলার আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের অবৈধ দখলে থাকা বালু মহালে অভিযান চালানো হয়েছে। কাঁচপুরে শীতলক্ষ্যা নদীর তীরে থাকা ওই বালু মহালে গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিআইডব্লিউটিএ এর এক যৌথ অভিযানে ১০ জন বালু ও পাথর ব্যবসায়ীর স্তূপ করে রাখা বালু ও পাথর জব্দ করা হয়। পরে জব্দকৃত বালু ও পাথর উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি (নেজারত ডেপুটি কালেক্টরেট) আবুল কাশেম মোহাম্মদ শাহীনের নেতৃত্বে অভিযানকালে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন, সহকারী পরিচালক রেজাউল করিম প্রমুখ। আবুল কাশেম মোহাম্মদ শাহীন জানান, অভিযানকালে নিলামে ৬ জন বালু ব্যবসায়ী অংশ নেন। এতে সর্বোচ্চ ৩ লাখ ৩০ হাজার টাকা দর দেন সিরাজুল ইসলাম। এছাড়া ১০টি বালুবাহী বাল্কহেড আটক করা হয়। নূর হোসেনের দখলে থাকা কাঁচপুরের বালু মহাল গত ৬ মে গুঁড়িয়ে দিয়েছিল জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। উচ্ছেদকৃত বালু মহালে ইকোপার্ক নির্মাণের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিএ। এদিকে নূর হোসেনের শূন্যস্থান দখলে নিতে তত্পর হয়ে উঠেছিল কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতির ভাতিজা মনিরসহ কয়েকজন। তাদের মদদে কতিপয় বালু ও পাথর ব্যবসায়ী ফের ওই বালু মহালে অবৈধভাবে ব্যবসায় চালিয়ে আসছিল। গতকাল সকাল থেকে ওই ব্যবসায়ীদের উচ্ছেদে অভিযান পরিচালিত হয়েছে।