তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ তথ্য ভালোভাবে যাচাই করে সংবাদ পরিবেশন করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, সংবাদ প্রকাশে সতর্ক হোন। মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত কিংবদন্তি সংগীত শিল্পী সুবির নন্দীর স্মরণসভায় তিনি ধানের ন্যায্য দাম না পেয়ে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কৃষকের ধানক্ষেতে আগুন দেওয়ার ঘটনাকে সাজানো নাটক হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘ধান ক্ষেতের এক কোনায় একটু করে আগুন দিয়েছে, আগুন দিয়ে সেটার আবার ছবি তুলেছে। আবার ছবি কীভাবে তুললে সেটা ভালো ফোকাস হবে, সেটার জন্য আরেকজন নির্দেশনা দিচ্ছে। এখানে তারিন আছে, এসডি রুবেল আছে- ওরা যেভাবে অ্যাক্টিং করে, নওশাবা যেভাবে অ্যাক্টিং করেছিল, সেভাবে অ্যাক্টিং করে ভিডিও শ্যুট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধেও কিছু পত্রিকা এভাবে অপপ্রচার চালিয়েছিল উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠিত করে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়। তার সময়েও পত্রপত্রিকায় কিছু অসত্য সংবাদ পরিবেশন করা হয়েছিল। যেমন বাসন্তীকে জাল পরিয়ে ছবি তুলে সেটা পত্রিকায় ছাপিয়ে বলা হয়েছিল, কাপড়ের অভাবে জাল পরে আছে এ দেশের মেয়েরা। পরে জানা গেছে, বাসন্তী অপ্রকৃতস্থ ছিল। তাকে এটা গায়ে দেওয়ার জন্য প্ররোচিত করে ছবি তোলা হয়েছিল উদ্দেশ্যপ্রণোদিতভাবে।’
সুবির নন্দীর প্রতি শ্রদ্ধা জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘নন্দী কেবলমাত্র কিংবদন্তি সংগীত শিল্পী ছিলেন না, তিনি একজন ভালো মানুষ ছিলেন। তিনি ছিলেন ভদ্র ও ভালো মনের মানুষ।’ মন্ত্রী বলেন, চলতি বছর দেশ আহমেদ ইমতিয়াজ বুলবুল, টেলিসামাদ ও আইয়ুব বাচ্চুসহ বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারিয়েছে। তিনি বলেন, সাংস্কৃতিক চর্চা তরুণ প্রজন্মকে দেশের সুনাগরিক হতে সাহায্য করে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে লাইনচ্যুত হওয়া থেকে রক্ষা করা যায়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি সারাহ বেগম কবরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগ নেতা কামাল চৌধুরী ও এডভোকেট বলরাম পোদ্দার, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তারিন জাহান, সুবীর নন্দীর মেয়ে ফাল্গুনী নন্দী মৌ, শিল্পী রফিকুল আলম, দিনাত জাহান মুন্নী, এসডি রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।
