ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যার এজাহারভুক্ত প্রধান আসামি জাতীয়তাবাদী তাঁতী দলের ফেনী জেলা সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী মিনার গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার সময় ফেনী জেলা কারাগার থেকে মুক্তি পান। এর আগে গত ১৫ জুলাই ঢাকা হাইকোর্ট থেকে তাকে জামিন দেওয়া হয়। পরদিন হাইকোর্টের আদেশ পাওয়ার পর গতকাল তাকে মুক্তি দেওয়া হয়।
একরাম হত্যা মামলার প্রধান আসামি মাহতাব উদ্দিন চৌধুরী মিনারসহ এ পর্যন্ত ২৯ জন আসামি গ্রেফতার হয়েছে। এবং বেশিরভাগ আসামিই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মাহতাব উদ্দিনকে ১০ দিন রিমান্ড শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খায়রুল আমিনের আদালত জেল কারাগারে প্রেরণ করেন। তিনি ফেনী জেল কারাগারে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে গেলে গত মাসে তাকে ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে প্রেরণ করা হয় এবং চিকিত্সা শেষে এ মাসের প্রথম দিকে তাকে ফেনী জেলা জেল কারাগারে নিয়ে আসা হয়।
