বাংলাদেশিদের জন্য ভিসা ব্যবস্থা উদারীকরণের পক্ষে সিপিএম এমপিরা

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২২:৫৯
ত্রিপুরার সিপিএম এমপিরা বাংলাদেশিদের জন্য বিদ্যমান ভিসা ব্যবস্থা উদারীকরণের আহবান জানিয়েছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাত্ করে তারা এ আহবান জানান। এক স্মারকলিপিতে সিপিএমের লোকসভার এমপি জিতেন্দ্র চৌধুরী ও শঙ্কর প্রসাদ দত্ত ও রাজ্যসভার এমপি ঝর্ণা দাস বৈদ্য বাংলাদেশিদের দীর্ঘদিনের মাল্টিপল ভিসার দাবির কথা তুলে ধরেন। গতকাল বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। তারা জানান, বাংলাদেশের ব্যবসায়ী, ছাত্র, শিক্ষক, ক্রীড়াবিদ ও সাংস্কৃতিক কর্মীরা ভারতে ভ্রমণের জন্য মাল্টিপল ভিসা ইস্যুর দাবি জানিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে কেন্দ্রীয় সরকারের ঘোষিত নানা পদক্ষেপে আমরা খুশি। এর মধ্যে ১৩ বছরের নিচে ও ৬৫ বছরের ঊর্ধ্বের বাংলাদেশিদের জন্য পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা ব্যবস্থার নতুন নীতিমালাটি রয়েছে। আগ্রহী বাংলাদেশিদের ভিসার মাধ্যমে উত্সাহিত করা গেলে তা উত্তর-পূর্বাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হতে পারে।