রামগড়-বারৈয়ারহাট সড়কে জরাজীর্ণ ১৮টি সেতু

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২১:০২
রামগড় বারৈয়ারহাট মহাসড়কে অবস্থিত অর্ধশত বছরের পুরোনো প্রায় ১৮টি পাকা ও বেইলী ব্রিজ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন শত শত যানবাহনে হাজার হাজার যাত্রী নিজের জীবন হাতে নিয়ে চলাচল অনুপযোগী ভয়ংকর বিপজ্জনক সেতুগুলোর উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে বাধ্য হয়ে। ব্রিজগুলোর যে কোনটি যে কোন মুহূর্তে বিধ্বস্ত হয়ে খাগড়াছড়ির সাথে ঢাকা, ফেনী, কুমিল্লাসহ সমতল জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গতবছর আগস্টে সড়কটি সরেজমিনে পরিদর্শন করে জরুরি ভিত্তিতে ব্রিজগুলোর উন্নয়নের ঘোষণা দিলেও এ পর্যন্ত কোন কাজ হয়নি। এদিকে সড়ক ও জনপথ বিভাগ কোথাও লাল পতাকা আর কোথাও সতর্কীকরণ সাইনবোর্ড টাঙ্গিয়ে তাদের দায়-দায়িত্ব শেষ করেছেন।