কমলগঞ্জের রোপা আবাদ নিয়ে শঙ্কা

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২১:০৩
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভরা বর্ষা মৌসুমেও কমলগঞ্জ উপজেলায় কাঙ্ক্ষিত বৃষ্টিপাত হচ্ছে না। চাষাবাদ উপযোগী বৃষ্টিপাত না হওয়ায় রোপা আমন ফলন নিয়ে কৃষকরা শঙ্কার মধ্যে রয়েছেন। থেমে থেমে আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হলেও আবাদি জমি খাঁ খাঁ করছে। ফলে কৃষকরা জমি তৈরি করে ধান গাছ রোপণ করতে পারছেন না। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ আবহাওয়ার তারতম্যের কারণে রোপা আমন ফলন বিলম্বিত হবে বলে দাবি করছেন। কৃষক তোয়াবুর রহমান বলেন, অতীতের বছরসমূহে এভাবে বৃষ্টিপাতে এতো তারতম্য দেখা যায়নি। এ অবস্থা চলতে থাকলে রোপা আমন চাষাবাদ করতে না পারলে কৃষকদের মধ্যে তীব্র অভাব ও সঙ্কট দেখা দিবে। চাষাবাদ উপযোগী ভারি বৃষ্টিপাতের জন্য প্রতিদিন প্রার্থনা করছেন তারা। বিগত বছরের তুলনায় এ বছর বৃষ্টিপাত যথেষ্ট হ্রাস পেয়েছে দাবি করে শ্রীমঙ্গলের আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক হারুনুর রশীদ জানান, সোমবার শ্রীমঙ্গলে মাত্র ৬ দশমিক ৪ ডিগ্রি, মঙ্গলবার ১ দশমিক ৮ ডিগ্রি বৃষ্টিপাত হয়েছে। কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা মো. শামসুদ্দীন আহমদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণেই চলতি মওসুমে বৃষ্টিপাতের তারতম্যের ফলে রোপা আমন বিলম্বিত হচ্ছে। তবে সেচসুবিধা দিয়ে হলেও যথাসময়ে চাষাবাদ করা প্রয়োজন বলে তিনি জানান।