পালংখালী প্রাথমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২১:০৩
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চালিত পালংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অনুপাতে শিক্ষক সংকট, শিক্ষিকার অনুপস্থিতিসহ নানা অব্যবস্থাপনার কারণে স্কুলের শিক্ষা কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। এমতাবস্থায় আগামীতে পিএসসি’র পরীক্ষার পাসের হার আশানুরূপ নাও হতে পারে বলে মনে করছেন স্থানীয় অভিভাবক মহল। জানা গেছে, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ৩ জন শিক্ষকের মধ্যে দিলরুবা আকতার বিথি নামের একজন সহকারী শিক্ষিকা প্রায় সময় অনুপস্থিত থাকেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সেলিনা আকতার জানান, আমি সহকারী শিক্ষিকা দিলরুবা আকতার বিথিকে ৭ দিনের ছুটি দিয়েছি। একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ৭ দিনের ছুটি দিতে পারে কিনা জানতে চাওয়া হলে উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাহাব উদ্দিন জানান, ১ দিনের অতিরিক্ত ছুটি দিলে জেলা শিক্ষা অফিসারের অনুমতি নিতে হবে। তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার বিষয়ে আশ্বস্ত করেন।