মোহনগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২১:৩৪
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মাঘান সিয়াধার ইউনিয়নের বলদশী গ্রামের সামনে ডিঙ্গাপোতা হাওর মুখে প্রধানমন্ত্রীর কার্যালয় গৃহীত আশ্রয়ণ প্রকল্পের মাটিকাটা কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি ৩ একর খাস জমিতে আশ্রয়ণ প্রকল্পের স্থান নির্ধারণ করার পর প্রধান মন্ত্রীর কার্যালয় থেকে প্রস্তাবিত স্থানে চলতি সালে প্রকল্পে মাটি ভরাটের জন্য ২ দফায় ১শ’ ৭২ টন গম বরাদ্দ দেয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, মাঘান সিয়াধার ইউনিয়নের চেয়ারম্যান মির্জা শামছুল আলম রাহুলকে প্রকল্প সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়। কমিটি গত ৮ মাসে প্রকল্পের আংশিক কাজ বাস্তবায়ন করেন। প্রকল্প সভাপতি জানান ১৭১ টন গম থেকে ১৫১ টন গম উত্তোলন করা হয়েছে। উত্তোলিত গমের সম পরিমাণ কাজ তিনি বাস্তবায়ন করেছেন। বাকী ৩১ টন গম ফেরত দেয়া হয়। প্রকল্প স্থানে গড়ে ৮ ফুট মাটি কাটার কথা থাকলেও সরেজমিন দেখা গেছে কম-বেশী ৬ ফুট উচ্চতায় মাটি ফেলে চারপাশে একটি পুকুর তৈরি করা হয়েছে। এ দিকে ঐ ইউনিয়নের রামপাশা গ্রামের বাসিন্দা ফারুক আহমেদ ইউএনও’র কাছে অভিযোগ করেন বলেন প্রকল্পের অর্ধেক কাজও করা হয়নি।