ফায়ারম্যান সোহেলের পরিবারকে ১২ লাখ টাকার চেক প্রদান

আপডেট : ৩০ মে ২০১৯, ০১:০৩

বনানীর এফআর টাওয়ারে আগুন নেভাতে গিয়ে নিহত ফায়ারম্যান সোহেল রানার পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে ১২ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঁচ লাখ এবং ফায়ার সার্ভিস কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে সাত লাখ টাকা দেওয়া হয়েছে। গতকাল বুধবার ফায়ার সার্ভিস সদর দপ্তরে এক অনুষ্ঠানে সোহেলের পরিবারের হাতে এ চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সোহেল মানুষের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন দিয়েছেন। সোহেলের মতো মোট ২১ অগ্নিসেনা মানুষের জীবন বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন। তাদের আত্মত্যাগে ফায়ার সার্ভিস একটি উঁচুমানের বাহিনীতে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফায়ার সার্ভিস কল্যাণ ট্রাস্টে ২০ কোটি টাকা অনুদান দিয়েছেন। ট্রাস্টে অন্যান্য সোর্স থেকেও টাকা সংগ্রহ করা হচ্ছে। আমি মনে করি, ভবিষ্যতে পুলিশ ও সেনাবাহিনীর মতো ফায়ার সার্ভিসের ট্রাস্টও শক্তিশালী হবে। অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তার পরিবারের উপযুক্ত কোনো সদস্যের চাকরির প্রক্রিয়া চলছে।

গত ২৮ মার্চ বনানীর এফআর টাওয়ারের অগ্নিদুর্ঘটনায় উদ্ধার কাজে অংশ নিয়ে আহত হন সোহেল। ৫ এপ্রিল তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। ৭ এপ্রিল সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।