নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফেরিতে আতর বিক্রি করে সংসার চালান অশতীপর বৃদ্ধ। ৪১ বছর আগে হোটেল ব্যবসায় ধস নামলে পেশা পরিবর্তন করে ফেরিতে গ্রাম-গঞ্জে আতর-সুরমা বিক্রি শুরু করেন তিনি। এ আয়ে অতি কষ্টে সংসার চালিয়ে তিন মেয়ের বিয়ে দেন। সম্প্রতি বাজারে কসমেটিকস দোকানে বিভিন্ন কোম্পানির সুগন্ধি পারফিউম, আতর সহজলভ্য হওয়ায় মানুষ ফেরি করা আতর কিনতে চায় না। কমে গেছে বিক্রি। ফলে এ পেশায় জীবন ধারণ এখন অনেক কষ্টসাধ্য জেনেও কেন এ পেশাকে আঁকড়ে ধরে আছেন জানতে চাইলে নূর বকস চিশতী বলেন, সত্ উপার্জন করছি। ধর্মীয়ভাবে এর মূল্যায়ন থাকায় জীবন ধারণ কষ্টকর হলেও ছাড়তে পারিনি। এ বয়সে নতুন কোন পেশায় যাওয়া সম্ভব নয়; তাই আঁকড়ে ধরে আছি।
