নবীনগর উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা শাখা গতকাল শুক্রবার সাতমোড়া ইউনিয়নে চুউড়িয়া বাজারে অভিযান চালিয়ে মো. মনির মিয়ার দোকান থেকে ‘খাদ্য অধিদপ্তরের জন্য’ লেখা সরকারি সীলযুক্ত দুই বস্তা ভিজিএফ চাল উদ্ধার করে। চাল ব্যবসায়ী মনির মিয়াকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। উপজেলার সাতমোড়া ইউনিয়নের জন্য ঈদকে সামনে রেখে বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ওই কর্মসূচির আওতায় সাতমোড়া ইউপি চেয়ারম্যান গত ৩০ জুন জনপ্রতি ১০ কেজি হিসেবে ৯২৩ কার্ডের জন্য ৯২৩০ কেজি চাল উত্তোলন করেন।
ইউপি চেয়ারম্যান ফরিদ উদ্দিন বলেন, সঠিকভাবে চাল বিতরণ করা হয়েছে। তবে কিভাবে ওই চাল দোকানদার মনির মিয়ার কাছে গেছে। সে বিষয়ে আমি বলতে পারবো না।
ইউএনও আবু শাহেদ চৌধুরী বলেন, এ ঘটনায় একজন গ্রেফতার হয়েছে, বিষয়টি তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
