আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলার মানুষ গ্রহণ করবে না

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২১:৪৯
নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান বিএনপির উদ্দেশ্যে বলেছেন, ঈদের পর আন্দোলনের হুমকি দিয়ে লাভ নেই। গণআন্দোলন আর সন্ত্রাসী কর্মকাণ্ড এক নয়। গণতন্ত্রের নামে আপনারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন বাংলার মানুষ তা গ্রহণ করবে না। প্রয়োজনে গণআদালতে আপনাদের বিচার করা হবে। তিনি বলেন, বেগম জিয়ার শাসনামলে শ্রমিক কৃষকসহ অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। ক্ষমতার বাইরে এসেও বিএনপি-জামায়াতের সাথে হাত মিলিয়ে ৫৫ জন চালক, ১৬ জন পুলিশ সদস্য ও ১৯ জন যাত্রীকে পুড়িয়ে মেরেছে। বাংলার জনগণ ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে তাদের জবাব দিয়েছে। শুক্রবার দৌলতদিয়া ঘাটে রজনীগন্ধা, শাপলা শালুক ও চন্দ্রমল্লিকা নামে ৩টি ইউটিলিটি ফেরী উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সভাপতি শুক্কুর মাহমুদ, সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সেহরাব হোসেন সেখ, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খান, পুলিশ সুপার মোঃ রেজাউল হক পিপিএম, ফেরী নির্মাণকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান প্রমুখ।