যুবলীগ নেতা হত্যার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় সড়ক অবরোধ

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২১:৫০
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর চৌমুহনিতে দুর্বৃত্তের ব্রাশ ফায়ারে যুবলীগ নেতা হতাহতের ঘটনায় স্থানীয় যুবলীগের কয়েকজন বিক্ষুব্ধ কর্মীসমর্থক গতকাল শুক্রবার সকালে সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেছে। দোকানের কিছু সাইনবোর্ড, কাঁচের বোতল ভাংচুরসহ টায়ার জ্বালিয়ে প্রায় ১ ঘণ্টা তারা চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ করে রাখে। এসময় তারা স্থানীয় গরুবাজারে ১০ টি খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। পরে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে নিলে সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল শুরু হয়। রাঙ্গুনিয়ার মরিয়মনগর চৌমুহনী এলাকায় গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে যুবলীগ কর্মী মোহাম্মদ হোসেন (৪৫) নিহত হন এবং গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মোহাম্মদ আলতাফ হোসেন (৪৬) ও মোহাম্মদ ইব্রাহীম (৪৫) নামে আরও দু’জন যুবলীগ কর্মী।