৯ বছর পর আজ ১৯ জুলাই রাজশাহী মহানগর আওয়ামী লীগে কাউন্সিলের তারিখ ঘোষণায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য এসেছিলো। কিন্তু রমজানের কারণে নির্ধারিত তারিখের আগেই কাউন্সিল স্থগিত করা হয়েছে বলে দলের মহানগর কমিটির শীর্ষ নেতারা জানিয়েছেন। তবে কাউন্সিলের পরবর্তী নতুন তারিখ ধার্য না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা।
নেতাকর্মীদের অনেকে বলেন, কয়েক দিন আগে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় দলের কাউন্সিল পিছানোর ব্যাপারে একটি সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তের কপি কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে। ফলে ১৯ জুলাই কাউন্সিল স্থগিত হয়ে গেছে। তবে নতুন তারিখ এখনো ধার্য হয়নি। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন, কাউন্সিল নিয়ে বরাবর যা হয়, এবারো তাই হবে, এমনই আশংকা অধিকাংশ নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে। তবে ওই আশংকা উড়িয়ে দিয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান। তিনি বলেন, রোজার কারণেই কাউন্সিল স্থগিতের বিষয়ে দলের নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে। আগামী সেপ্টেম্বরে অবশ্যই কাউন্সিল হবে বলে জানান তিনি।
