চারঘাট ও বাঘা সীমান্তে হুণ্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্য বৃদ্ধি

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২০:৩৮
ঈদকে সামনে রেখে রাজশাহী চারঘাট-বাঘা সীমান্ত এলাকায় হুন্ডি ব্যবসায়ীদের দৌরাত্ম্য ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা সরকারের লক্ষ টাকা শুল্ক ফাঁকি দিয়ে সুকৌশলে দীর্ঘদিন ধরে হুন্ডি ব্যবসা করে আসছে। তথ্যানুসন্ধানে জানা গেছে, চারঘাট বাঘা মীরগঞ্জ সীমান্ত এলাকায় হুন্ডি ব্যবসায়ীদের নেটওয়ার্ক খুব শক্তিশালী। এই চক্রের সদস্যরা সীমান্ত এলাকা থেকে শুরু করে সারাদেশে বিস্তৃত। এসব হুন্ডি ব্যবসায়ী সিন্ডিকেটের গড ফাদাররা এত শক্তিশালী যে এদের বিরুদ্ধে কথা বলার সাহস পায় না কেউ। সীমান্ত এলাকায় অনুসন্ধান কালে জানা গেছে, বাঘা থানা সীমান্তে মীরগঞ্জ, হরিরামপুর, আলাইপুর, পানিকামড়াসহ বিভিন্ন এলাকায় রয়েছে হুন্ডি চক্রের প্রতিনিধি। আর ঐসব প্রতিনিধিদের নিয়ন্ত্রক রয়েছে মনিগ্রাম এলাকায়। চারঘাট সীমান্তে রাওথা, পিরোজপুর, গোপালপুর, মোক্তারপুর, চকমোক্তারপুর, ইউসুফপুর এবং সদর এলাকায় এই চক্রের প্রতিনিধিরা ছড়িয়ে আছে। এসব হুন্ডি ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে আইন-শৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অথবা তাদের ম্যানেজ করে এই অপকর্ম চালিয়ে আসছে।