চালক ও হেলপার নিখোঁজ
মু্ক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
মুক্তাগাছার আরব ফিস ফিড লিমিটেডের কারখানা থেকে প্রায় ১১ টন মুরগির খাবার নিয়ে বরিশাল যাওয়ার পথে একটি ট্রাক ছিনতাই হয়ে গেছে। চালক ও হেলপার নিখোঁজ রয়েছে। এব্যাপারে গতকাল শনিবার আরব ফিস ফিড কোম্পানির পক্ষ থেকে মুক্তাগাছা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মুক্তাগাছা শহরের নতুন বাজার এলাকার আরব ফিস ফিড লিমিটেডের কারখানা থেকে ১০ টন ৮’শ কেজি পোল্ট্রি ফিড নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-ড ১৬৪৯২৫) বৃহস্পতিবার রাতে বরিশাল শহরের উদয় এন্টারপ্রাইজের উদ্দেশে রওনা হয়। এরপর থেকে ট্র্যাক চালক ও হেলপারের সাথে আর যোগাযোগ করা যায়নি। এমনকি ট্রাক চালকের ব্যবহূত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। গত ৩ দিনেও ট্রাকটি বরিশালের গন্তব্যস্থলে পৌঁছায়নি। আশঙ্কা করা হচ্ছে ট্রাকটি ছিনতাইয়ের কবলে পড়েছে এবং চালক ও হেলপারকে গুম বা হত্যা করা হতে পারে। এ ঘটনায় ব্যবসায়ীদের মাঝে উত্কণ্ঠা বিরাজ করছে। মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন বলেন, বিষয়টি তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
