ছয় প্রতিষ্ঠানকে জরিমানা একটি সিলগালা

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২১:৪৫
বিএসটিআইয়ের অভিযান ঢাকা মহানগরী ও সাভারের বিভিন্ন এলাকায় গত শুক্রবার বিএসটিআই, জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে পণ্য উত্পাদন, বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন ও বিতরণ করায় ৬টি প্রতিষ্ঠনকে জরিমানা ও একটি প্রতিষ্ঠান সীলগালা করে ভ্রাম্যমাণ আদালত। কলাবাগানের ভূতের গলির দি পিওর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানটি বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে পণ্য উত্পাদন, বিক্রয় ও বিতরণ করছে। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও সীলগালা করেছে। অন্যদিকে ভূতের গলির খাজা আজমেরী হোটেল এন্ড রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর, নোংরা ও খোলা পরিবেশে ঢাকনাবিহীন মশা-মাছি যুক্ত খাবার বিক্রয় ও বিতরণ করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সভারের নামা বাজারে অপর ভ্রাম্যমাণ আদালত আল-আমিন স্টোরে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে সফট ড্রিংকস পণ্য সংরক্ষণ, বিক্রয় ও বিতরণ করায় ২০ হাজার টাকা জরিমানা করে। একই বাজারের লোকনাথ মিষ্টান্ন ভান্ডারে অবৈধভাবে দই উত্পাদন, বিক্রয় ও বিতরণ করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে কালী সাহা মিষ্টান্ন ভান্ডার ও মহা-প্রসাদ মিষ্টান্ন ভান্ডারকে পৃথকভাবে ১০ হাজার টাকা করে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।