গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম
২৬ জুলাইয়ের মধ্যে বেতন বোনাস পরিশোধ করা না হলে তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা সর্বাত্মক আন্দোলনে যেতে বাধ্য হবে বলে জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দ। গতকাল এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি মোশরেফা মিশু জানান, চলতি মাসের পুরো বেতন এবং বেতনের সমপরিমাণ ঈদ বোনাস প্রদান করা হলে শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে আনন্দে ঈদ উদযাপন করতে পারতো। অথচ তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে মালিক পক্ষ ২৬ জুলাইয়ের মধ্যে বেতন-বোনাস দিয়ে দেবে। কিন্তু মালিকপক্ষ থেকে এ বিষয়ে কোন উচ্চবাচ্য করা হচ্ছে না। পুরো মাসের বেতন দেয়া হবে কিনা, কত ভাগ বোনাস দেয়া হবে এসব বিষয়ে শ্রম মন্ত্রণালয় থেকে পরিষ্কার করে কিছু বলেনি। গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের নেতৃবৃন্দ গতকাল নির্মল সেন মিলনায়তনে ‘রানা প্লাজা তাজরীন শ্রমিকদের ঈদ’ শীর্ষক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। লিখিত বক্তব্যে মোশরেফা মিশু উল্লেখ করেন, রানা প্লাজার ভিকটিম শ্রমিকদের পরিবার ১৫ মাসের মাথায়ও ক্ষতিপূরণ পায়নি। এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০৫ কোটি টাকা ঈদের আগে রানা প্লাজার সকল ভিকটিম পরিবারকে প্রদান করার দাবি জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা আক্তার, কেন্দ্রীয় নেতা শফিউল আলম আজাদ, মমিনুর রহমান, নয়ন আহমেদ, রেবা বেগম, হেনা আক্তার প্রমুখ।
