ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কন্যাদহ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১২ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- সাইফুল বিশ্বাস, কবির হোসেন, আফাঙ্গির, রেজাউল হোসেন, লিটন মণ্ডল, শিপন, বশির উদ্দিন, মুকুল হোসেন, তাজরুল ইসলাম, ইন্তাজুল ইসলাম, মফিজুল ইসলাম ও দিদার হোসেন।
হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা জানান , ওই গ্রামে দুই মাতুব্বরের দুটি সামাজিক দল আছে। ওই গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল বিশ্বাসের সঙ্গে আওয়ামী লীগ কর্মী জাহিদ মণ্ডলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতা চলে আসছিল। বৃহস্পতিবার সকালে উভয় দলের লোকজন ঢাল, শরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আরো পড়ুন : মহাত্মা গাঁন্ধী, বাজপেয়ীকে শ্রদ্ধা জানিয়ে শপথের দিন শুরু মোদীর
হরিণাকুণ্ডু থানার ওসি আসাদুজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ৮ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
