বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মাছ ব্যবসায়ীর মৃত্যু
রাজধানীর মিরপুর আনসার ক্যাম্পের সামনে ডাস্টবিন থেকে অজ্ঞাত (৪৭) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে কল্যাণপুরে বিদ্যুত্স্পৃষ্টে শুভঙ্কর (৩০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মিরপুর মডেল থানার এসআই জানান, গতকাল শনিবার আনসার ক্যাম্পের সামনে ডাস্টবিন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার বাম হাতে জখমের চিহ্ন রয়েছে। নিহতের পরনে ছিল লুঙ্গি ও হাফ হাতা শার্ট। ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যার পরে খুনিরা লাশ ঘটনাস্থলে ফেলে গেছে।
এদিকে নিহত শুভঙ্করের বাবা বাবু লাল জানান, তার ছেলে কল্যাণপুর বাজারে মাছ বিক্রি করতেন। গতকাল সকালে মাছের দোকানের বাল্ব নষ্ট হয়ে গেলে আরেকটি লাগাতে গিয়ে তিনি বিদ্যুত্স্পৃষ্ট হন। তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে একটি স্থানীয় ক্লিনিকে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি ঢাকার সাভার থানার মাজেদিয়া গ্রামে।
