বাংলাদেশে যুক্তরাষ্ট্র মনোনীত নতুন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাটের বক্তব্যে প্রসঙ্গে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘মার্কিন রাষ্ট্রদূত মুখে গণতন্ত্রের কথা বলবেন আর জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কিছু বলবেন না এটা হতে পারে না। এই দ্বিমুখী কথা বলার ধরন পরিবর্তন করুন। আপনাদের গণতন্ত্র আপনাদের কাছে আর আমাদের গণতন্ত্র নিয়ে নাক গলানোর অধিকার আপনাদের দেয়া হয়নি।’
তথ্যমন্ত্রী শনিবার সকালে মিরপুর উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন, অস্বচ্ছল হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, আমরা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করি, আর বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের বিপক্ষে অবস্থান নিয়ে জঙ্গিবাদী ও যুদ্ধাপরাধীদের পক্ষ নেন। বেগম খালেদা জিয়া ৭১, ৭৫ ও ২১ আগস্টের খুনি। আমরা অবৈধ ক্ষমতা দখলকে অবৈধ বলি আর তিনি অবৈধ ক্ষমতা দখলের বৈধতা দেন। আমরা যুদ্ধাপরাধীদের খুনি বলি আর তিনি ভাল মানুষ বলেন। পরিষ্কারভাবে বলতে চাই মহাজোট সরকার কোন জঙ্গিবাদী ও যুদ্ধাপরাধীদের সাথে নির্বাচনে যাবে না।
তিনি বলেন, এখন উন্নয়নের সময়, এখন রাস্তাঘাট তৈরির সময়, এখন আগাম নির্বাচন নিয়ে আলোচনা করার সময় নয়। আন্দোলন করলে করেন, শান্তিপূর্ণভাবে করেন। যদি আন্দোলনের নামে বোমাবাজি করেন তাহলে বিএনপি’র সকল নেতাকর্মীকে কারাগারে যেতে হবে। খালেদা জিয়ার তিন গুণ মিথ্যাচার, গুম ও খুন। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখে তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া যদি আন্দোলনের মাধ্যমে দেশে অরাজকতা চালাতে থাকে তাহলে আপনাদেরও এগিয়ে আসতে হবে। ৫ জানুয়ারির নির্বাচন যেমন খালেদা জিয়া চক্রান্ত করে বাতিল করতে পারেননি তেমনি ঈদের পরও তার আন্দোলনের নামে কোন চক্রান্ত বাংলার মাটিতে সফল হবে না।
মন্ত্রী দুপুরে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের সাপ-কামড়া গ্রামের ৩শ’ বাড়িতে বিদ্যুত্ সংযোগের শুভ উদ্বোধন করেন। এসময় জেলা জাসদ সভাপতি গোলাম মহাসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।
