পবিত্র ওমরাহ পালন এবং রসুলুল্লাহর (স.) রওজা মোবারক জিয়ারত ও ইবাদত বন্দেগির জন্য গতকাল রাতে সৌদি আরব গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এদিকে সপরিবারে সৌদি আরব পৌঁছাবেন লন্ডনে চিকিত্সাধীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সেখানে মা খালেদা জিয়াসহ পরিবারের সদস্যদের সঙ্গে পবিত্র ওমরা পালন করবেন তিনি। পবিত্র ওমরা পালনের পাশাপাশি রমজানের শেষ দিনগুলোয় পবিত্র মসজিদুল হারামে ইবাদত-বন্দেগিতে কাটাবেন তারা। এছাড়া সেখানে রুটিন চেকআপও করাবেন খালেদা জিয়া। ২৯ রমজানের আগে খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে। সফরে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের কয়েকজন সিনিয়র নেতা ও পরিবারের সদস্যরা রয়েছেন। তিনি জেদ্দায় নেমে কানেকটিং ফ্লাইটে মদিনা মুনাওয়ারায় যাবেন।
