ভ্রমণ খুব প্রিয় বিএম সাবাবের। কাজের ফাঁকে সময় পেলেই দেশের ভেতরে এবং বাইরে বেড়াতে যাওয়ার চেষ্টা করেন। নতুন জায়গার ছবি তুলতে ভালো লাগে তার। এভাবেই ফটোগ্রাফি শুরু করেন তিনি। ২০১১ সালে তিনি খুলে ফেলেন একটি ফেসবুক পেজ। এর কারণ ছিল নিজের ফটোগ্রাফি অন্যদেরকে দেখানো এবং তাদের কাছ থেকে নানা ধরনের ফিডব্যাক পাওয়া, যাতে করে নিজের ভুলগুলো শুধরে নিতে পারেন। পরবর্তীতে দেশের অনেক ফ্যাশন হাউস সাবাবের ফটোগ্রাফি দেখে তাকে তাদের কাজের জন্য মনোনীত করে এবং কাজ দিয়ে তাদের মাঝে ভালো সাড়া ফেলতে সক্ষম হন সাবাব। তখন থেকেই মূলত ফ্যাশন ফটোগ্রাফিতে জড়িয়ে পড়েন। সাবাব মনে করেন ফটোগ্রাফি একটি শিল্প। এখনে অনেক কিছু জানার আছে শেখার আছে। নতুন নতুন অনেক ধরনের মানুষের সাথে পরিচিত হওয়া যায়। এমনকি শিক্ষার্থীরাও এই কাজের মাধ্যমে নিজেদের খরচটা খুব ভালোভাবে চালিয়ে নেওয়ার সুযোগ পায় বলে জানালেন সাবাব। শুধু শুধু সময় নষ্ট না করে, আড্ডাবাজি না করে এই শিল্পের সাথে জড়িত হওয়াই উত্তম বলে মনে করেন তিনি। সাবাব পড়াশোনা করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। ভবিষ্যতে এই বিষয়ে পিএইচডি অর্জন করতে চান তিনি। ফটোগ্রাফি করে এর আগে দুইবার পুরস্কার পেয়েছেন বলে জানালেন সাবাব। তিনি জানালেন, আগামী নভেম্বরে কলকাতায় তার তোলা ছবির প্রদর্শনী চলবে এবং একক প্রদর্শনী চলবে ঢাবি, জবি, জাবি এবং বুয়েট ক্যাম্পাসে।
