সময়ের সাথে সাথে প্রজন্মের কাছে ব্র্যান্ডিং একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং পেশা হয়ে উঠেছে। প্রতিযোগিতা বাজারে নিজেদের মেধা এবং সৃজনশীল চিন্তায় এই পেশাকে এগিয়ে নিচ্ছে প্রজন্ম। তাই এবার এই পেশায় সম্পর্কে নতুন প্রজন্মকে কিছু পরামর্শ দিয়েছেন নভো এয়ারওয়েজের ব্র্যান্ড এক্সিকিউটিভ তামান্না বিশ্বাস
নভো এয়ারওয়েজ
বর্তমান ব্র্যান্ডিং নিয়ে কাজ করাটা খুবই চ্যালেঞ্জিং। এই সময়ে প্রতিযোগিতা বেড়েছে, তাই প্রতিটি পদক্ষেপ নিতে হয় ভেবে চিন্তে। আমার পুরো টিম মিলেই সেরা মানের সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে সর্বোচ্চ ব্র্যান্ডিংটা করার চেষ্টা করি। ব্র্যান্ডিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো এই ক্ষেত্রে একঘেয়েমি থেকে সম্পূর্ণমুক্ত থাকা যায়। প্রতিটি ক্যাম্পেইন আলাদা, যা কাজের আগ্রহ অটুট রাখে। এখানে প্রতিটি সাফল্য আগেরটি থেকে ভিন্ন এবং সবসময় আনন্দের। পেশা হিসেবে ব্র্যান্ডিং শুধু আমাদের দেশেই নয়, সারা বিশ্বেই উপযোগী। যেকোনো ব্যবসার প্রসার ও উন্নয়নের সাথে সাথে সমাজ ও জীবনযাত্রার মান উন্নয়নে ব্র্যান্ডিং অনেক বড় ভূমিকা পালন করে। বর্তমান বিশ্বের সাথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য মার্কেটিয়ারদের ভূমিকা অনেক। এই পেশায় নতুন কিছু করার সুযোগ অনেক এবং কাজের ক্ষেত্রও ব্যাপক। মার্কেটিং, ব্র্যান্ডিং, কমিউনিকেশন্স, সেলস ইত্যাদি সেক্টরগুলো নতুনত্বের পরিবেশ এবং নতুনদের স্থান করে নেওয়ার জন্য আদর্শ। বর্তমানে নতুনরা তাদের নতুন চিন্তাভাবনা, প্রকাশ্য মেধা ও পরিশ্রমী জীবনীশক্তি দিয়ে নিজেদের কাজের মধ্যে এক নতুন ধারা ও সাফল্য অর্জন করছে, যা বাংলাদেশের ব্যবসা শিল্পকে অনেক উন্নত করেছে। পণ্য বিক্রেতারাই নিজেদের পণ্যের বিভিন্ন দিক ক্রেতাদের কাছে তুলে ধরতে তাদের ব্র্যান্ডগুলো আরও শক্তিশালী করে তোলে। এই পর্যায়েই প্রয়োজন হয় মার্কেটিং ও ব্র্যান্ডিং প্রফেশনালদের। সে জন্যই আমাদের দেশে এখন কাজের দারুণ সম্ভাবনা রয়েছে। এই পেশায় স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্যবোধের কথা বলতে গেলে বলা যায়, এই পেশায় প্রচুর স্বাধীনতা রয়েছে।
