নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নে বিধিমালা চূড়ান্ত করে আগামী দুই মাসের মধ্যে তা গেজেট আকারে প্রকাশের জন্য আইন সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ রবিবার এই আদেশ দেন।
নিরাপদ খাদ্য আইন কার্যকরের নির্দেশনা চেয়ে লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ ফাউন্ডেশনের পক্ষে গত মে মাসে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। ঐ আবেদনের ওপর হাইকোর্ট রুল জারির পাশাপাশি অন্তবর্তীকালীন আদেশ দেয়। আদেশে গেজেট প্রকাশের মাধ্যমে নিরাপদ খাদ্য আইন কার্যকরে কি পদক্ষেপ নেয়া হয়েছে, তা খাদ্য সচিবকে জানাতে নির্দেশ দেয় আদালত। ঐ নির্দেশনা অনুযায়ী সরকারের নেয়া পদক্ষেপ আদালতে উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার। তিনি বলেন, নিরাপদ খাদ্য আইন কার্যকর করতে আইনের বিধিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটা আইন মন্ত্রণালয়ে চূড়ান্তকরণের জন্য রয়েছে। এটি হলেও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী সৈয়দ মহিদুল কবীর। শুনানি শেষে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেয়।
