নন্দীগ্রামে পুত্রের ছুরিকাঘাতে পিতা খুন

আপডেট : ৩০ মে ২০১৯, ১৬:২৩

বগুড়ার নন্দীগ্রামে পরিবারিক কলহের জেরে পুত্রের ছুরিকাঘাতে পিতা আনোয়ার হোসেন (৪৮) নিহত হয়েছেন। তিনি নন্দীগ্রাম পৌর শহারের পূর্বপাড়ার মৃত নিজাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় ঘাতক পুত্র রণি আহম্মেদও (২৮) আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নন্দীগ্রাম পৌর শহারের পূর্বপাড়ায় আনোয়ার হোসেনের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনায় পর থেকে ঘাতক রনি আহম্মেদ পালাতক।

স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে আনোয়ার হোসেন তার ছেলে রনিকে হিউম্যান হলার (চার চাকার যানবাহন লেগুনা) কিনে দেন। কিছুদিন যাবৎ রণি তার বাবাকে গাড়ির আয় ব্যায়ের কোন হিসাব দিচ্ছিলেন না। এ নিয়ে তাদের মধ্য বিরোধ চলছিল। এ বিষয় নিয়ে বৃহস্পতিবার দুপুর অনুমানিক ১২ টার দিকে আনোয়ার হোসেন তার ছেলের নিকট গাড়ির হিসাব চাইলে তাদের মধ্য বাকবিতণ্ডা শুরু হয়। তখন রনি আহম্মেদ ক্ষিপ্ত হয়ে তার বাবা আনোয়ার হোসেনের পেটে ছুরিকাঘাত করে।

এ সময় আনোয়ার হোসেন ওই ছুরি কেড়ে নিয়ে তার ছেলে রনিকে আঘাত করে। এতে তার ছেলে রনিও আহত হয়। এক পর্যায়ে তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় আনোয়ার হোসেনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: খোঁজ পাওয়া যায়নি অপহৃত শিশুর, দুই অপহরণকারী আটক

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির বিষয়টি নিশ্চিত করে জানান, পুত্রের  ছুরিকাঘাতে পিতা খুন হয়েছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ইত্তেফাক/নূহু