শেরপুরে টেলিফোন বিভাগের তুঘলকি কাণ্ড

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২১:৫০
বাংলাদেশ টেলি কমিউনিকেশন্স লিমিটেডের (বিটিসিএল) ময়মনসিংহ আঞ্চলিক হিসাব সংরক্ষণ বিভাগের (রাজস্ব) খামখেয়ালীপনার কারণে শেরপুরের টেলিফোন গ্রাহকগণ নানা ভোগান্তির শিকার হচ্ছেন। প্রতি বছর ডিসেম্বর মাসে বকেয়া বিলের জন্য নোটিস দেয়ার নিয়ম থাকলেও তা করা হয় না। ফলে নিয়মিত বিল পরিশোধ করা সত্ত্বেও অনেকেই ৭/৮ বছর পূর্বের টেলিফোন বিল পরিশোধ করা হয়নি এমন নোটিস পেয়ে চরম বিপাকে পড়েছেন। অনেকে পরিশোধিত বিলের কপি দেখিয়ে রেহাই পাচ্ছেন। কিন্তু যারা ৭/৮ বছর ধরে পরিশোধকৃত বিলের কপি সংরক্ষণ করেননি বা যাদের কপি হারিয়ে গেছে তাদের নতুন করে বিল দিতে হচ্ছে। এমনকি পরিশোধিত বিলের কপিতে ব্যাংকের সিল অস্পষ্ট হওয়ায় তাদেরকেও রেহাই দেয়া হচ্ছে না। সংশ্লিষ্ট টেলিফোন গ্রাহককে ঐ বিল যে ব্যাংকে জমা দেয়া হয়েছে সেখান থেকে প্রমাণপত্র নিয়ে আসতে বলা হচ্ছে। সম্প্রতি বিটিসিএল-এর ময়মনসিংহ হিসাবরক্ষণ অফিসারের কার্যালয় থেকে প্রেরিত টেলিফোন বিল বকেয়া সংক্রান্ত প্রত্যয়নপত্রে (০৯৩১) ৬১১৪৪ নম্বরের টেলিফোন গ্রাহক ২০০৮ সালের ১২ মার্চ ইস্যুকৃত ফেব্রুয়ারি মাসের বিল, ২০০৯ সালের ১ ফেব্রুয়ারি ও ১ মার্চ মাসে ইস্যুকৃত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বিল পরিশোধ করেননি বলে নোটিস পাঠান। কিন্তু তিনি নির্ধারিত সময়েই ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসের বিল স্থানীয় ডাকঘরে এবং ২০০৯ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বিল স্থানীয় অগ্রণী ব্যাংকে পরিশোধ করেন। টেলিফোন গ্রাহক স্থানীয় টেলিফোন অফিসে পরিশোধিত বিলগুলোর কপি নিয়ে যান। স্থানীয় কর্তৃপক্ষ ২টি বিলের কপি দেখে পরিশোধিত বলে মেনে নিলেও ১টি বিলে ব্যাংকের সিলমোহর অস্পষ্ট হওয়ায় তা মেনে নিতে আপত্তি জানান। তারা ব্যাংক থেকে ঐ বিলটি যে পরিশোধ করা হয়েছে তার প্রমাণপত্র নিয়ে আসতে বলেন। টেলিফোন গ্রাহক সংশ্লিষ্ট ব্যাংকে নিয়ে গেলে ব্যাংক ম্যানেজার জানান ৪/৫ বছর আগে পরিশোধিত বিল এখন নতুন করে যাচাই করা সম্ভব নয়। কারণ ৩ বছর পরপর পুরোনো অনেক নথিপত্রই ধ্বংস করে ফেলা হয়। এ প্রসঙ্গে ভোগান্তির শিকার টেলিফোন গ্রাহকের প্রশ্ন, বকেয়া বিলের জন্য ৪/৫ বছর পর কেন বিল পরিশোধের দাবি করা হয়? এ বিষয়ে ময়মনসিংহে অবস্থিত টেলিফোন রাজস্ব বিভাগের হিসাব সংরক্ষণ অফিসার জানান, প্রতি বছর ডিসেম্বর মাসে বকেয়া বিলের জন্য নোটিস প্রদান করার নিয়ম থাকলেও লোকবলের অভাবে তা করা যাচ্ছে না। পরিশোধিত বিল কত বছর গ্রাহককে সংরক্ষণ করতে হবে- এ প্রশ্নের তিনি কোন সঠিক উত্তর দিতে পারেননি। অপরদিকে স্থানীয় টেলিফোন বিভাগের গ্রাহকসেবার মানও অত্যন্ত খারাপ। টেলিফোন লাইন প্রায়শ খারাপ থাকে।