নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে আজ সোমবার ফের পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে তোলা হবে। গ্রেফতার হওয়ার পর এ নিয়ে তাকে তিনবার আদালতে তোলা হচ্ছে। মামলার তদন্ত সংস্থা নারায়ণগঞ্জ জেলা পুলিশ আশা করছে, নূর হোসেনকে ফেরত পাওয়ার ব্যাপারে আজ আদালতের মাধ্যমে কোন গুরুত্বপুর্ণ সিদ্ধান্ত আসতে পারে। অপর দিকে গ্রেফতারকৃত নূর হোসেনের সহযোগী ও ক্যাশিয়ার আলী মোহাম্মদকে গতকাল জিজ্ঞাসাবাদের জন্য ৬ দিনের রিমান্ডে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
গতকাল রবিবার দুপুরে আলী মোহাম্মদের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে চেয়েছিল।
আলী মোহাম্মদ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার আকবর আলীর ছেলে। শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আউলিয়া বাজার এলাকা থেকে র্যাবের হাতে আটক হয় সে। ওই দিন তাকে সোপর্দ করা হয় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কাছে।
সাত খুন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা ইন্সপেক্টর মামুনুর রশিদ মন্ডল জানান, আলী মোহাম্মদ ছিলেন নূর হোসেনের তিন ক্যাশিয়ারের অন্যতম। নূর হোসেনের মাদক, পরিবহন চাঁদাবাজি, খুন এবং অপহরণসহ বিভিন্ন অপকর্মের সহযোগী ছিলেন আলী মোহাম্মদ। নূর হোসেন পালাবার পর আলী মোহাম্মদও আত্মগোপনে যান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
অপর দিকে গত ১৪ জুন রাতে কলকাতার কৈখালী এলাকার একটি ফ্লাট থেকে গ্রেফতার হয় নূর হোসেন ও তার দুই সহযোগী। তাদের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স আইনে মামলা হয়েছে। গ্রেফতারের পর তাকে দুই দফায় হাজির করা হয় পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে। আজ সোমবার ফের তাকে আদালতে হাজির করা হবে। আশা করা যায় এ হাজিরার পরই তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে একটা সিদ্ধান্ত আসতে পারে।
