মৃত্যু সনদে নিষ্কৃতি পাওয়া আসামি ১৪ বছর পর আটক

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:১১
মৃত্যুর প্রায় ১৪ বছর পর গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়লেন বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের আব্দুস সালাম। এ নিয়ে বিয়ানীবাজারে তোলপাড় চলছে। গত রবিবার বিকালে গোয়েন্দা পুলিশ তাকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সালাম গজুকাটা গ্রামের খুর্শেদ আলীর ছেলে। ঘটনার সত্যতা স্বীকার করে ডিবি পুলিশের ইন্সপেক্টর ইউনুছ মিয়া জানান, গ্রেফতারের পর তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ইউনুছ মিয়া জানান, ধৃত আব্দুস সালামের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল ইসমাইল মিয়ার আদালতে মামলা দুটির বিচার চলাকালে ২০০১ সালের ২৫ মে সালামের আইনজীবী আসামী মৃত্যুবরণ করেছে মর্মে আদালতে একটি সার্টিফিকেট দাখিল করেন। তত্কালীন দুবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক স্বাক্ষরিত ওই ডেথ সার্টিফিকেট আদালত আমলে নিয়ে তা তদন্তের জন্য বিয়ানীবাজার থানা পুলিশকে নির্দেশ দেয়। আদালতের নির্দেশে বিয়ানীবাজার থানার তত্কালীন পুলিশ কর্মকর্তা আবু তাহেরও আব্দুস সালামের মৃত্যুর বিষয়টি আদালতকে নিশ্চিত করেন।