রাজবাড়ী জেলা সদরের শহীদ ওহাবপুর ইউনিয়নের মধুপুর গ্রামে ইট দিয়ে মাথা থেতলে এবং শ্বাসরোধে এক যুবককে দুর্বৃত্তরা হত্যা করেছে। গত রবিবার রাতে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করেছে।
রাজবাড়ীর খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই রঞ্জন জানান, গত শনিবার রাতে কোন এক সময় দুর্বৃত্তরা অজ্ঞাত ঐ যুবকের (৩২) মাথায় ইট দিয়ে আঘাত এবং শ্বাসরোধে হত্যা করে। তারা লাশটি জেলা সদরের শহীদ ওহাবপুর ইউনিয়নের মধুপুর গ্রামে আলহাজ্ব নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পশ্চিমপাশে থাকা স্থানীয় গোপাল প্রমাণিকের একটি পাট ক্ষেতের মাঝামাঝি স্থানে ফেলে রেখে যায়। রবিবার সন্ধ্যার দিকে স্থানীয়রা ঐ ক্ষেতের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়। পুলিশ সদস্যরা রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠায়। নিহতের পরনে লাল গেঞ্জি ও লুঙ্গি রয়েছে। তবে কারা কি কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি।
