ঈদের নামাজের জন্য প্রস্তুত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দান। হাইকোর্ট সংলগ্ন বিশাল এই মাঠে হবে দেশের প্রধান ঈদ জামায়াত।
বরাবরের মত এই ঈদ জামাতে সাধারণ মানুষের সঙ্গে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিচারপতি ও কূটনীতিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এক কাতারে নামাজ আদায় করবেন। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাতের ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব অধ্যাপক মাওলানা মো. সালাহউদ্দিন। সরেজমিনে দেখা গেছে, ঈদ জামায়াতের জন্য সুসজ্জিত করা হচ্ছে জাতীয় ঈদগাহ ময়দানকে। ইতিমধ্যে ৪০ হাজারের বেশি বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরির কাজ সম্পন্ন হয়েছে।
প্রায় ২ লাখ ৫৯ হাজার বর্গফুট আয়তন বিশিষ্ট জাতীয় ঈদগাহ ময়দানটি প্রস্তুত করতে ৮০ জন শ্রমিক নিরলসভাবে কাজ করে চলেছেন। গত পাঁচ রমজান থেকে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স পিয়ারু সর্দার এণ্ড সন্স ডেকোরেটরের ম্যানেজার মোজাম্মেল হক।
তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এবারো আমরা ঈদের নামাজের জন্য ঈদগাহ প্রস্তুতির কাজ পেয়েছি। গত ৮ থেকে ৯ বছর ধরে আমরা ঈদগাহ প্রস্তুতির কাজ করে আসছি। মোজাম্মেল হক জানান, পুরো মাঠে বাঁশ দিয়ে প্যান্ডেল তৈরির কাজ প্রায় সম্পন্ন। এখন উপর দিয়ে ত্রিপল টাঙ্গানোর কাজ শুরু হবে। বৃষ্টিতে যাতে সমস্যা না হয়, সেজন্য উপরে দেয়া হচ্ছে মোটা ত্রিপলের ছাউনি। পানি নিষ্কাশনের জন্য রাখা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা। এছাড়া মাঠের বাইরের অংশে নতুন করে চুনকাম করা হচ্ছে। ২৮ রমজানের মধ্যে ঈদগাহকে পুরোপুরি নামাজের জন্য প্রস্তুত করা সম্ভব হবে বলে জানান তিনি।
এছাড়া ঈদগাহ ময়দানজুড়ে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার কাজ চলছে। সরাসরি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছাড়াও সাদা পোশাকে থাকবে গোয়েন্দা পুলিশ। আর সিসি ক্যামেরা দিয়ে পুরো নিরাপত্তার বিষয়টি তদারকি করা হবে।
